সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারি (শুক্রবার) এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান নিয়োগ পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত। ২ জানুয়ারি শুক্রবার এই শোককালীন সময়ের অন্তর্ভুক্ত হওয়ায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষার পরবর্তী সময়সূচি প্রসঙ্গে মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, রাষ্ট্রীয় শোকের কারণে ২ জানুয়ারির পরীক্ষাটি আপাতত স্থগিত করা হয়েছে। নতুন তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে ৯ জানুয়ারি পরীক্ষা গ্রহণের একটি প্রাথমিক আলোচনা রয়েছে। দ্রুতই আনুষ্ঠানিকভাবে পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষাটি শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন ছিল।
এমএ