সরবরাহ বাড়লেও লাগামহীন শীতের সবজির দাম

সরবরাহ বাড়লেও লাগামহীন শীতের সবজির দাম
নিজস্ব প্রতিবেদক

চলছে শীতের মৌসুম। ফলে ক্রমেই বাজারে আসতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি, শিম, শালগম, মুলাসহ বিভিন্ন ধরনের শীতের সবজি। প্রতিনিয়ত বেড়েই চলছে বাজারে সবজির সরবরাহ। তবে সরবরাহ বাড়লেও গত বছরের এই সময়ের তুলনায় লাগামহীন দামে বিক্রি হচ্ছে শীতের এসব সবজি। ফলে শীতকালীন সবজি কিনতে বিপাকে পড়তে হচ্ছে স্বল্প আয়ের মানুষদের।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

এদিন রাজধানীর কাওরান বাজারে গিয়ে দেখা গেছে, আজকের বাজারে প্রতিপিস ফুলকপি (মাঝারি) বিক্রি হচ্ছে ৪০ টাকায়, বাঁধা কপিও (মাঝারি) প্রতি পিস ৪০ টাকা, এ ছাড়া প্রতি কেজি বেগুন (গোল) ৮০ টাকা, মুলা প্রতি কেজি ৪০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, শালগম প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, শিম প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, নতুন আলু প্রতি কেজি ১২০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, যেসব স্থানে সবজি উৎপাদন করা হয় সেখানেই সবজির দাম বেশি। কারণ, কৃষকেরা আগাম চাষ করা নতুন সবজির ভালো দাম পাচ্ছেন। এ ছাড়া গত অক্টোবর মাসে বৃষ্টির কারণে কৃষকদের কিছু সবজি নষ্ট হয়েছিল। ফলে এখন বেশি দামে বিক্রি করে সেই আর্থিক ক্ষতি পুষিয়ে নিচ্ছেন তারা।

মশিউর নামের এক ক্রেতা বলেন, বাজারে এসেছি শীতকালীন সবজি কেনার জন্য। কিন্তু সবজির চড়া দাম দেখে এখন আর কিনতে মন চাচ্ছে না। দাম যখন কমবে তখন মন ভরে কিনবো।

এদিকে বাজারে এখন প্রতি কেজি পুরোনো পেঁয়াজের দাম ১০০-১২০ টাকা। এক মাস ধরে এ দামেই খুচরা পর্যায়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে পণ্যটি আমদানির দাবি জানিয়ে আসছিলেন আমদানিকারকেরা। অন্যদিকে ২৫০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে রসুন।

বর্তমানে দেশি পুরোনো আলু বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি। এ বছর দীর্ঘ সময় ১৮-২০ টাকা দরে আলু বিক্রি হয়েছে। মাসখানেক হয় আলুর দাম কিছুটা বেড়েছে।

মাছ-মুরগি ও ডিম

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে। গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা, সোনালি মুরগি ২৮০-৩০০ টাকা ও প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১২০-১৩০ টাকায় বিক্রি হয়েছে।

এমএ

Leave a Reply

scroll to top