খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিলম্ব, এখনো আসেনি এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিলম্ব
নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিলম্ব দেখা দিয়েছে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো ঢাকায় এসে না পৌঁছানো কারণে এই বিলম্ব তৈরি হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চি করেছেন। তিনি জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে।

ফখরুল বলেন, ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাআল্লাহ রোববার (৭ তারিখ) ফ্লাই করবেন।

এর আগে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জানানো হয়েছিল শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন বিএনপি চেয়ারপর্সন। সে জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে পৌঁছানোর কথা রয়েছে তার।

তবে এর মধ্যেই বিএনপি মহাসচিব জানিয়েছেন খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছানো হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন, হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন তিনি।

এমএ

Leave a Reply

scroll to top