পবিত্র মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে (মসজিদুল হারাম ও মসজিদে নববী) গত জমাদিউল আউয়াল মাসে বিপুল সংখ্যক জিয়ারতকারীর আগমন ঘটেছে।
পরিসংখ্যানে জানা গেছে, মাত্র ৩০ দিনের মধ্যে এই দুটি মসজিদে মোট ৬ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ১৫৩ জন জিয়ারতকারী নামাজ ও ইবাদত করতে এসেছেন। যা এর আগের মাসের তুলনায় ১ কোটি ২১ লাখের বেশি।
বুধবার (২৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে হারামাইন বিষয়ক জেনারেল অথরিটি।
এ সময়ে ২ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৬৭৯ জন মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন। এর মধ্যে মাতাফ এলাকায় ছিলেন ১ লাখ ৪৮৯ জন। আর মাসজুড়ে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ৭৮০ জন।
একই মাসে ২ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ১৮৫ জন মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন। এর মধ্যে রওজা শরিফে ইবাদত করেছেন ৯ লাখ ১২ হাজার ৬৯৫ জন। রাসুলুল্লাহ (সা.) ও দুই সাহাবি আবু বকর ও ওমর (রা.)-এর রওজায় সালাম পেশ করেছেন ২৩ লাখ ৬৩ হাজার ৩২৫ জন।
জানা গেছে, দুই পবিত্র মসজিদের দর্শনার্থী ও ইবাদতকারীর সংখ্যা নির্ধারণে হারামাইন অথরিটি সেন্সরভিত্তিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে।
মসজিদ দুইটির প্রধান প্রধান প্রবেশপথে এই ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ, জনস্রোতের গতিবিধি শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বিত ব্যবস্থাপনা আরও কার্যকর করা হচ্ছে।
এমএ