গত একদিনে (শনিবার ৮ নভেম্বর সকাল থেকে রোববার ৯ নভেম্বর সকাল পর্যন্ত) সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে আরও এক হাজার ১৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিহত ৬ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ জন ও বরিশাল বিভাগের ২ জন রয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩১৩ জনে দাঁড়িয়েছে।
এছাড়া একই সময়ে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে- বরিশাল বিভাগে ১৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগে ২৭৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৫ জন, খুলনা বিভাগে ১১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ১১৩ জন ও সিলেট বিভাগে ৯জন রয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৮ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই সময়ে এক হাজার ১০৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৭৪ হাজার ৮৯৩ জন।
উল্লেখ্য, এখন পর্যন্ত দেশে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন নিহত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
এমএ