বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) পাঁচ দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এদিন দেশের সব জেলা সদরে একযোগে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
রোববার (২৬ অক্টোবর) দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার দেশের সকল জেলা সদরে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর আগে, গত ১৯ অক্টোবর আন্দোলনরত ৮টি রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের ৫ গণদাবি জাতির সামনে উপস্থাপন করা হয় এবং ৩ দিনের চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করা হয়।
পাঁচ দফা দাবিগুলো হলো-
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
৫. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
এমএ





