জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার দেশটির গণমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে। গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী দায়িত্ব নেন ইশিবা। তবে সম্প্রতি সংসদের উচ্চকক্ষে তার নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়, এরপর নিজের দলের নেতাদের সমালোচনার মুখে পড়েন তিনি।
দলীয় চাপের মধ্যেই সপ্তাহ খানিক আগে পদত্যাগের গুঞ্জন উঠলেও তখন তা নাকচ করেছিলেন ইশিবা। এবার তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। ইশিবা দায়িত্ব নেয়ার সময় মুদ্রাস্ফীতি মোকাবিলা এবং এলডিপিতে সংস্কার আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই সংসদের নিম্নকক্ষে এলডিপি ও জোট সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং জুলাইয়ে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতাও হারায়।
আগামীকাল সোমবার এলডিপিতে নতুন নেতৃত্ব নির্বাচনের কথা রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দলের ভেতর সম্ভাব্য বিভক্তি এড়াতে এই পদত্যাগ নেওয়া হয়েছে।





