ভেঙে গেছে নুরের নাকের হাড়

1756529336.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নাকের হাড় ভেঙে গেছে। তার চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড।

শনিবার সকালে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, “নুরুল হকের মাথায় আঘাত রয়েছে। নাকের হাড় ভেঙে যাওয়ায় শুক্রবার রাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। বর্তমানে তার জ্ঞান ফিরেছে।”

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

গণঅধিকার পরিষদের অভিযোগ, তারা মিছিল নিয়ে গেলে জাপার নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়ে উসকানি দেন। তবে জাপার দাবি, মিছিলকারীরাই তাদের ওপর প্রথমে হামলা চালান।

সংঘর্ষের পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে নুরুল হক নুরসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন।

গুরুতর আহত নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

scroll to top