গণতন্ত্রবিরোধী শক্তি সংগঠিত হচ্ছে, দ্রুত নির্বাচনের আহ্বান মির্জা ফখরুলের

fakrul.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন, যা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছে। কিন্তু পরিস্থিতি জটিল হচ্ছে, কারণ গণতন্ত্রবিরোধী শক্তি আবার সংগঠিত হচ্ছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গণতন্ত্র মঞ্চ এই সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, “যারা গণতন্ত্র ও শোষণহীন সমাজে বিশ্বাস করে না, তারা জোট পাকাচ্ছে। পরাজিত শক্তি গোপনে সংগঠিত হয়ে ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে।” তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনে দেরি করলে পরিস্থিতি আরও ঘোলাটে হবে। গণতন্ত্রবিরোধীরা সংগঠিত হয়ে গণতন্ত্র নস্যাৎ করার চেষ্টা করছে। তাই দ্রুত সংস্কার, সনদ ও নির্বাচন এগিয়ে নেওয়া জরুরি।”

তিনি আরও বলেন, “মবোক্রেসি, হত্যা, ছিনতাই, গুম ভয়াবহভাবে বাড়ছে, যা আমাদের উদ্বিগ্ন করছে। এই সুযোগ হারালে বাংলাদেশ বহু বছর পিছিয়ে যাবে। জনগণ প্রাণ দিয়ে সুযোগ তৈরি করেছে, আমাদের দায়িত্বহীনতায় তা হারানো উচিত নয়।”

মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, “১৯৭১-এর মুক্তিযুদ্ধ আমাদের মূল ভিত্তি। গণতন্ত্রে কোনো আপস নেই। আলোচনা ও সহনশীলতার মাধ্যমে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ফিরতে পারব।”

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “মিটফোর্ডে হত্যা ও গোপালগঞ্জে হামলার ঘটনা ষড়যন্ত্রের অংশ। দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। বিচার, সংস্কার ও নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের জন্য অপরিহার্য। নির্বাচন ছাড়া সংস্কার সম্পন্ন হবে না।”

ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও মহাসচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর)-এর মোস্তফা জামাল হায়দার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডি’র তানিয়া রব, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণফোরামের এম মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, জাতীয় নাগরিক পার্টির আখতার হোসেন, গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল, বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান এবং মুক্তিযোদ্ধা সংসদের নঈম জাহাঙ্গীর।

Leave a Reply

scroll to top