রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দাম কয়েক সপ্তাহ ধরে অব্যাহতভাবে বাড়ছে। মৌসুম ফুরিয়ে আসা, টানা বৃষ্টি এবং সরবরাহ কমে যাওয়ার কারণ দেখিয়ে ক্রেতাদের ওপর চাপ বাড়ানো হচ্ছে। বিশেষ করে কাঁচা মরিচের দাম এখনও কমেনি। বাজারে মানভেদে কাঁচা মরিচ প্রতি কেজি ২৪০ থেকে ৩২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর রামপুরা, মহাখালী, কারওয়ানবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আজকের বাজারে বেগুন প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা, ধন্দুল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, করলা ৮০ টাকা, শসা ৮০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, জালি ৫০ টাকা, লাউ প্রতি পিস ৬০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
কাঁচা মরিচের দাম ব্যাপক চড়া হওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আজকের দিনে কাঁচা মরিচের দাম সর্বনিম্ন ২৪০ থেকে সর্বোচ্চ ৩২০ টাকা পর্যন্ত উঠেছে, যা আগের তুলনায় অনেক বেশি।
রামপুরা বাজারে সবজি কেনাকাটা করতে এসে বেসরকারি চাকরিজীবী সাজেদুর রহমান জানান, ‘বিগত কয়েকদিন ধরে সব ধরনের সবজির দাম অতিরিক্ত বেড়েছে। বিশেষ করে কাঁচা মরিচের দাম হঠাৎ বেড়ে যাওয়ার পর থেকে কমেনি। সাধারণ ক্রেতাদের স্বার্থে বাজার মনিটরিং করা উচিত, কিন্তু সে উদ্যোগ দেখা যায়নি। ফলে বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়িয়ে বিক্রি করছে।’
মহাখালীর সবজি বিক্রেতা আব্দুল মালেক মিয়া বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে অনেক সবজির মৌসুম শেষ হয়ে গেছে, তাই সরবরাহ কমেছে। টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় সবজির সরবরাহ কমে গিয়েছে। এতে পাইকারি ও খুচরা বাজারে সবজির দাম বাড়ছে।’
কারওয়ানবাজারের মরিচ বিক্রেতা আলমগীর হোসেন জানান, ‘বৃষ্টি হলে কাঁচা মরিচের দাম বাড়ে। চলতি সপ্তাহে টানা বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম অনেক বেড়ে গেছে। গতকাল আবার বৃষ্টি হওয়ায় আজকের বাজারেও তার প্রভাব পড়েছে।’
সরবরাহ সীমিত এবং বৃষ্টির অজুহাতে চড়া দামে সবজি কেনা ক্রেতাদের জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাজারদরী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি ও নিয়মিত মনিটরিং না থাকায় দাম নিয়ন্ত্রণে কোনো সুফল মিলছে না বলে ক্রেতারা অভিযোগ করেন।





