উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে কারণে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গতকাল (১৪ জুলাই) বিকেল ৩টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূল এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়। এটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।
নদীবন্দরগুলোর জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টি আরও এক-দুই দিন অব্যাহত থাকতে পারে।
আজকের (১৫ জুলাই) ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী,
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়,
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়
অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কিছু জায়গায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।