ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানীসহ দেশের আকাশ। ফলে দৃষ্টিসীমা কমে আসায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হয়েছে ৮টি ফ্লাইট। রোববার (৪ জানুয়ারি) ভোর থেকে সকালের মধ্যে এসব ফ্লাইটকে বিকল্প গন্তব্যে সরিয়ে নেওয়া (ডাইভার্ট) হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুয়াশার কারণে রানওয়েতে দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপদ অবতরণ নিশ্চিত করতে ফ্লাইটগুলো ডাইভার্ট করার সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্র জানায়, ডাইভার্ট হওয়া ৮টি ফ্লাইটের মধ্যে ৬টিই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এ ছাড়া একটি ফ্লাইট ভারতের কলকাতায় এবং অপর একটিকে ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, প্রতি বছর শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে প্রায়ই উড়োজাহাজ ওঠা-নামায় শিডিউল বিপর্যয় ঘটে। যান্ত্রিক সীমাবদ্ধতা কাটিয়ে দৃশ্যমানতা কম থাকলেও যাতে ফ্লাইট নামতে পারে, সে বিষয়ে কাজ করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।