আপিল শুনানির দ্বিতীয় দিন: প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৭ জন

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৭ জন
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেয়েছেন ৫৭ জন প্রার্থী। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর নির্বাচন কমিশন (ইসি) ভবনে ৭০ জন প্রার্থীর আবেদনের শুনানি শেষে এ রায় প্রদান করা হয়।

ইসি সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিনে শুনানির জন্য নির্ধারিত ৭০ জন আবেদনকারীর মধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর করে কমিশন তাদের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে।

অন্যদিকে, তথ্যে ত্রুটি ও বিভিন্ন আইনি কারণে ৭ জনের আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং ৬ প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত বর্তমানে পেন্ডিং বা ঝুলে রয়েছে। যাদের আবেদন পেন্ডিং রাখা হয়েছে, তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে কমিশন।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি (শনিবার) থেকে শুরু হওয়া এই আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন ক্রমানুসারে আবেদনগুলোর নিষ্পত্তি করা হচ্ছে। প্রথম দিন ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত শুনানি হয়েছিল এবং আজ রোববার ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আবেদনের শুনানি সম্পন্ন হয়।

কমিশনের কর্মপরিকল্পনা অনুযায়ী, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশোধিত নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

সবশেষে, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশজুড়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

scroll to top