আর্থিক সংকটে ভোগা পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে সেগুলিকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। জানা গেছে, ব্যাংকগুলিকে একীভূত (মার্জার) করার প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাবনা এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) ব্যাংকগুলোকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর পক্ষ থেকেও গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ব্যাংক ৫টি হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
আজ ৫ নভেম্বর থেকে এই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে পৃথক পৃথক চিঠিতে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’-এর অধীনে পরিচালিত হবে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এই পাঁচটি ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একটি নতুন সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠন করা হবে। এই বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই বুধবার ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের বিষয়ে আলোচনার জন্য বুধবার ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) জরুরি তলব করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
জানা গেছে, এই বৈঠকে তাদের আনুষ্ঠানিকভাবে পুরো প্রক্রিয়াটি জানানো হবে। ইতোমধ্যে ব্যাংকগুলোর কোম্পানি সচিবদের কাছে এই সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য তুলে ধরবেন।
এমএ





