আজ ২৪ সেপ্টেম্বর মীনা দিবস। মীনা শিশুদের জন্য উজ্জ্বলতা, উদ্দীপনা এবং প্রেরণার প্রতীক। এটি শিক্ষা ও আত্মবিশ্বাসের গুরুত্ব বোঝায়, যেখানে প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের পথে বাধা-বিপত্তি অতিক্রম করার শিক্ষা দেওয়া হয়। মীনার প্রধান বার্তা হলো—“দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা আমার প্রথম চাওয়া।”
১৯৯৮ সাল থেকে প্রতিবছর ২৪ সেপ্টেম্বর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও পূর্ব এশিয়ার দেশগুলোতে মীনা দিবস উদযাপন করা হয়। সার্ক ১৯৯০ থেকে ২০০০ সালকে মেয়েশিশুর দশক হিসেবে ঘোষণা করেছিল।
মীনা দিবস উদযাপনের জন্য ইউনিসেফ দক্ষিণ এশিয়ায় একটি অ্যানিমেটেড সিরিজ তৈরি করে। এই কার্টুন ধারাবাহিকের মূল চরিত্র ‘মীনা’, ১৯৯৩ সালে প্রথম টেলিভিশনে প্রচারিত হয় এবং এটি বাংলাসহ ২৯টি ভাষায় প্রকাশিত হয়েছে। সিরিজটি সার্কভুক্ত সাতটি দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে।
মীনা নিয়ে কমিক বই ও রেডিও অনুষ্ঠানও তৈরি হয়েছে। এর স্রষ্টা বাংলাদেশের চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার। কার্টুনটির সূচনা সংগীত শিশুদের মধ্যে খুব জনপ্রিয়।





