২৩ আগস্ট থেকে আবার সম্প্রচারে ফিরছে কোক স্টুডিও বাংলা

02916819b48061e4601b0d0470f7fbd1-68a7064d03cd2.webp
মো: আল মামুন বিনোদন ডেস্ক

বাংলাদেশের জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলা আবারও নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে। প্রায় এক বছরের বিরতির পর আগামী ২৩ আগস্ট থেকে প্রকাশিত হবে তৃতীয় সিজনের নতুন গান ‘বাজি’

২০২২ সালে যাত্রা শুরু করার পর থেকেই কোক স্টুডিও বাংলা শ্রোতাদের কাছে আলাদা মাত্রার সংগীত উপহার দিয়েছে। প্রথম সিজনের ‘নানা বর্ণে’ কিংবা দ্বিতীয় সিজনের ‘অবাক ভালোবাসা’—প্রতিটি গানই পেয়েছে ব্যাপক সাড়া। তবে তৃতীয় সিজনে তিনটি গান প্রকাশের পর কার্যক্রম হঠাৎ থেমে যাওয়ায় ভক্তদের মনে তৈরি হয়েছিল আক্ষেপ।

প্রায় এক বছর পর সেই বিরতি কাটিয়ে আবার আসছে নতুন গান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বেঞ্চমার্ক পিআর।

তবে প্রশ্ন রয়ে গেছে—কেন থেমে গিয়েছিল কোক স্টুডিও বাংলা? সংশ্লিষ্টদের কাছ থেকে স্পষ্ট উত্তর মেলেনি। গুঞ্জন রয়েছে, গত বছর কোকা-কোলার একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হওয়ায় প্রকল্পটি স্থগিত রাখা হয়। ওই সময় গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কোকসহ বিভিন্ন ব্র্যান্ড বর্জনের ডাক দেওয়া হয়েছিল।

শুধু গান নয়, দীর্ঘ সময় বন্ধ ছিল কোক স্টুডিও বাংলার ফেসবুক কার্যক্রমও। সম্প্রতি সেই পেজ থেকে আবার পোস্ট আসা শুরু হয়েছে। এখন পর্যন্ত ভিউয়ের দিক দিয়ে শীর্ষে আছে ‘কথা কইয়ো না’ গানটি, যা ইউটিউবে দেখা হয়েছে ৯৩ মিলিয়নের বেশি বার।

সর্বশেষ ২০২৪ সালের ২৫ মে প্রকাশিত হয়েছিল ‘অবাক ভালোবাসা’। এরপর থেকে নতুন গান না আসায় ভক্তরা দীর্ঘদিন ধরে প্রশ্ন করে আসছিলেন—“কবে ফিরছে কোক স্টুডিও বাংলা?”

সম্প্রতি কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর ও জনপ্রিয় গায়ক-সুরকার শায়ান চৌধুরী অর্ণব একটি ফেসবুক পোস্টে লেখেন, “যদি থাকেন রাজি? ধরবেন নাকি বাজি?” এরপর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয় নতুন প্রত্যাশা।

অর্ণব গণমাধ্যমকে বলেন, “নতুন সিজন নয়, তৃতীয় সিজনের যেসব গান প্রকাশ হয়নি, সেগুলোই এবার মুক্তি পাবে। এখন পর্যন্ত ৯ থেকে ১০টি গান রেকর্ড করা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে প্রকাশিত হবে।”

Leave a Reply

scroll to top