‘ওয়ার ২’: ট্রেলার নয়, যেন তাণ্ডব!

GwrXdzwbgAQf4mM-1d54f55bdf9e5d3545eeff0e02f5f040.jpg
মো: আল মামুন বিনোদন ডেস্ক

বলিউডের বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ছবি ‘ওয়ার ২’ অবশেষে ট্রেলারেই বাজিমাত করল। মুক্তির পরপরই ট্রেলারটি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকদের ভাষায়, এটি ‘ট্রেলার’ নয়, যেন তাণ্ডব!

গত ২৫ জুলাই প্রকাশ পেয়েছে আদিত্য চোপড়া প্রযোজিত ‘ওয়ার ২’-এর ট্রেলার। এতে প্রথমবারের মতো পর্দা ভাগ করে নিয়েছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। তাদের রসায়ন আর অ্যাকশনেই যেন আগুন লেগেছে অনলাইনে। যদিও ট্রেলারের ভিএফএক্স নিয়ে কিছুটা সমালোচনা উঠেছে, তবে তাতে ভাটা পড়েনি দর্শকদের উন্মাদনায়।

ট্রেলার দেখে কেউ কেউ মন্তব্য করেছেন— ‘এটা ট্রেলার না, পুরো একটা যুদ্ধ। হৃতিক মানেই স্পেশাল।’

আরেকজন লিখেছেন— ‘ওয়াইল্ডফায়ার! এতটা ভালো ট্রেলার অনেকদিন দেখি নাই।’ একজন দর্শক মন্তব্য করেন— ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে এটাই সম্ভবত সেরা ট্রেলার।’ তবে ভিএফএক্স নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। একদল বলেছেন, ‘আকাশছোঁয়া বাজেট হলেও ভিএফএক্স কিছুটা দুর্বল।’ অন্য একজন মন্তব্য করেন, ‘ভিএফএক্স ছাড়া সবকিছুই দুর্দান্ত।’

‘ওয়ার ২’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে। এটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি, যিনি এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালনা করে আলোচনায় এসেছিলেন।

২০১৯ সালের সুপারহিট সিনেমা ‘ওয়ার’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে এই ছবি। আগের কিস্তিতে যেখানে হৃতিক একাই রাজত্ব করেছিলেন, এবার তার সঙ্গে রয়েছেন তেলেগু সুপারস্টার জুনিয়র এনটিআর, যা ছবিটির জন্য বাড়তি উত্তেজনা তৈরি করেছে।

এক নজরে ‘ওয়ার ২’

নায়ক: হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর

পরিচালক: অয়ন মুখার্জি

প্রযোজনা: ইয়াশরাজ ফিল্মস

মুক্তি: ১৪ আগস্ট ২০২৫

ধরন: অ্যাকশন-থ্রিলার

প্রথম ঝলকেই ‘ওয়ার ২’ স্পষ্ট করে দিয়েছে— বলিউডের স্পাই ইউনিভার্সের ইতিহাসে এটি হতে যাচ্ছে আরেকটি মাইলফলক।

 

Leave a Reply

scroll to top