জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারালে এখন থেকে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। নাগরিকদের ভোগান্তি কমাতে এই বাধ্যবাধকতা তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সমকালকে জানিয়েছেন, এনআইডি সেবা আরও সহজ করার জন্য বিভিন্ন পরিকল্পনা চলছে।
গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ প্রায় সাড়ে নয় লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে।
দেশে ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১২৩০ জন।





