সাবেক মন্ত্রী কামরুল ইসলাম আবারও রিমান্ডে

2-c8935faf54f903f445d5fc7e612411e9.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম আবারও রিমান্ডে গেছেন। রাজধানীর শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় জুট ব্যবসায়ী মো. মনির হত্যার মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালতে উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মইনুল ইসলাম খান পুলক ১৮ সেপ্টেম্বর কামরুল ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। দীর্ঘ শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট মো. মনির ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে যোগ দিতে চানখারপুল এলাকায় যান। দুপুরের দিকে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহতের স্ত্রী এ বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের সাবেক নেতা সোলায়মান সেলিম ১১ নম্বর আসামি হিসেবে নাম উল্লেখ করেন, আর কামরুল ইসলামও এজাহারভুক্ত আসামিদের তালিকায় অন্তর্ভুক্ত হন।

এর আগে গত বছরের ১৯ নভেম্বর সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে তিনি একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো ও রিমান্ডে নেওয়া হচ্ছেন। নতুন করে আদালতের এই সিদ্ধান্তের ফলে আবারও তাকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে।

Leave a Reply

scroll to top