দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী-এর লুকানো ২৩ বস্তা বিভিন্ন রেকর্ডপত্র উদ্ধার করেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাত ৪টায় উপ-পরিচালক মশিউর রহমান-এর নেতৃত্বে দুদকের একটি দল চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে এসব জব্দ করে।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, সাবেক ভূমিমন্ত্রীর মালিকানাধীন আরামিট গ্রুপ-এর রেকর্ডপত্র এবং দেশে-বিদেশের সম্পত্তি সংক্রান্ত নথি লুকানোর চেষ্টা করা হয়। তার স্ত্রী রুকমিলা জামান-এর ড্রাইভার ইলিয়াস তালুকদার নিজ বাড়িতে এগুলো রাখছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে অভিযান চালানো হয়।
প্রাথমিক পর্যালোচনায় জানা গেছে, এর মধ্যে রয়েছে ইউকে, ইউএসএ, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি সম্পদ সম্পর্কিত নথি। এছাড়া ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায় অর্জিত সম্পদের রেকর্ড, দেশে-বিদেশে কেনা বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেইনটেন্যান্স ব্যয়সহ বিভিন্ন তথ্য রয়েছে।
উপ-পরিচালক মশিউর রহমান জানান, এসব রেকর্ডপত্রে বিদেশে মুদ্রা পাচার ও মানিলন্ডারিং সংক্রান্ত প্রমাণও রয়েছে। তিনি বলেন, বিপুল সংখ্যক নথি পর্যালোচনা করতে সময় লাগবে। টাস্কফোর্স পর্যায়ক্রমে এই ডকুমেন্টস যাচাই করে সুনির্দিষ্ট তথ্য দুদকের কাছে উপস্থাপন করবে।





