শহিদ কাপুরকে নিয়ে বার্তা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

images-4.jpeg
মো: আল মামুন বিনোদন ডেস্ক

অভিনয়ের বৈচিত্র্য আর বেছে নেওয়া চরিত্রের জন্য বিশ্বজুড়ে সমাদৃত প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি বলিউডের সমালোচকদের প্রশংসিত ছবি কমিনে নিয়ে স্মৃতিচারণ করেছেন। ২০০৯ সালের ১৪ আগস্ট মুক্তিপ্রাপ্ত এ ছবির ১৬ বছর পূর্তি উপলক্ষে নস্টালজিক হয়ে ওঠেন অভিনেত্রী।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেন। সেখানে ছবির শুটিংয়ের অভিজ্ঞতা, পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজের সুযোগ পাওয়া এবং সহঅভিনেতা শহিদ কাপুরের প্রশংসা উঠে আসে।

প্রিয়াঙ্কা লিখেছেন—
“আমি তখন মায়ামিতে দোস্তানা ছবির শুটিং করছিলাম। একদিন দেখি বিশাল ভরদ্বাজের মিসড কল। ভাবতেই পারিনি উনি আমাকে কোনো ছবিতে নেবেন, কারণ তখন আমার ভাবমূর্তি ছিল পুরোপুরি বাণিজ্যিক ঘরানার। পরে তিনি মায়ামিতেই এসে গল্প শোনালেন। চরিত্রটির মাত্র আটটি দৃশ্য ছিল, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিলেন আমার জন্য অসাধারণ কিছু করবেন।”

তিনি আরও জানান, কমিনে তাঁর ক্যারিয়ারের এক বড় বাঁক ছিল। পরিচালক ভরদ্বাজের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছিল।

সহঅভিনেতাদের প্রসঙ্গ টেনে প্রিয়াঙ্কা লিখেছেন—
“শহিদ কাপুর ছিলেন অসাধারণ। দ্বৈত চরিত্রে তার অভিনয় ছিল দুর্দান্ত। আমোল গুপ্তে ভোলার মতো নন। আর এই ছবির সেটেই প্রথম পরিচয় হয়েছিল মুবিনা রাটনসির সঙ্গে।”

২০০৯ সালের ১৪ আগস্ট মুক্তিপ্রাপ্ত কমিনে মুম্বাই আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত হয়েছিল, যেখানে যমজ দুই ভাইয়ের দ্বন্দ্ব উঠে আসে। মুক্তির পর ছবিটি দর্শক-সমালোচক উভয়ের প্রশংসা কুড়িয়েছিল।

বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া কাজ করছেন এস এস রাজামৌলির উচ্চাভিলাষী প্রকল্প গ্লোবট্রটর-এ। এতে তাঁর বিপরীতে থাকবেন জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় ছবিটির শুটিং শুরু হবে।

Leave a Reply

scroll to top