আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তিনি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাবেন, যাতে নির্বাচন কমিশন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে, রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজন করে।
তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিক যেন একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার কাজে অংশ নিতে পারে, সেই লক্ষ্যে এই নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য সরকার সর্বাত্মক সহায়তা দেবে। এবারের নির্বাচন যেন ভোটার উপস্থিতি, সৌহার্দ্য, আন্তরিকতা এবং আইনশৃঙ্খলার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে—সে লক্ষ্যে আগামীকাল থেকেই প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে।
ড. ইউনূস বলেন, সরকার প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে চায়। দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে যাঁরা রেমিট্যান্স পাঠিয়ে অবদান রেখেছেন, তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও বলেন, নারী ভোটারদের নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে সুযোগ করে দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এবার যেন প্রতিটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি লক্ষণীয় হয়, সে লক্ষ্যেই কাজ করবে সরকার।





