এশিয়া কাপের প্রাক্কালে প্রস্তুতির চূড়ান্ত পর্বে ব্যস্ত অংশগ্রহণকারী দলগুলো। এ সময় ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যস্ত পাকিস্তান। তবে চোটের কারণে ফখর জামান ছিটকে পড়ায় সাবেক অধিনায়ক বাবর আজমের ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে।
টি-টোয়েন্টি সিরিজে ইনজুরিতে পড়েন ফখর জামান। একই চোটের কারণে তিনি ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে, যেখানে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। ফলে এশিয়া কাপে ফখরের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফখরের ইনজুরি পর্যবেক্ষণে রেখেছে বোর্ড এবং তার পুনর্বাসনেও গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি বিকল্প খেলোয়াড় নিয়েও ভাবছে নির্বাচকরা।
এ অবস্থায় বাবর আজমের প্রত্যাবর্তনের সম্ভাবনা জোরালো। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে তার পারফরম্যান্সও বিবেচনায় থাকবে। নির্বাচকদের আস্থা অর্জন করতে পারলে টি-টোয়েন্টি দলে ফেরার দরজা খুলে যেতে পারে বাবরের সামনে।
দল থেকে বাদ পড়ার পর মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহকে সঙ্গে নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাবর আজম।
পিসিবি জানিয়েছে, চলতি আগস্টের দ্বিতীয় সপ্তাহে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে।
এশিয়া কাপের সূচি ও দল
৯ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। অংশগ্রহণকারী আট দল দুটি গ্রুপে বিভক্ত—
-
গ্রুপ-এ: পাকিস্তান, ভারত, ওমান, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত
-
গ্রুপ-বি: বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, হংকং





