ধার নিয়েও আর্থিক সংকট কাটছে না দুর্বল ব্যাংকগুলোর

44c4b32706b922df018d307c2f1afa38-68a4d4045d5a3-1.webp
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

দেশের কয়েকটি দুর্বল বেসরকারি ব্যাংক তীব্র আর্থিক সংকটে পড়েছে। গ্রাহকেরা এসব ব্যাংক থেকে জমানো টাকা তুলতে না পেরে চরম ভোগান্তিতে পড়ছেন। কেন্দ্রীয় ব্যাংকের রেকর্ড পরিমাণ তারল্য সহায়তা দেওয়ার পরও পরিস্থিতির উন্নতি হয়নি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৪ লাখ ৬৪ হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা দেওয়া হয়েছে। জুনে এই সহায়তা ছিল ৩ লাখ ৫০ হাজার কোটি টাকা। গত এক বছরে এটিই সর্বোচ্চ।

বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা ও একীভূতকরণ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে গ্রাহকের আস্থা ফিরছে না। এর প্রমাণ মিলছে আমানতের প্রবৃদ্ধির ধীরগতিতে। জুনেও আমানত প্রবৃদ্ধি ছিল ৮ শতাংশের নিচে, যেখানে স্বাভাবিক সময়ে তা ৯-১০ শতাংশের বেশি হতো।

এদিকে দুর্বল পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, যা তাদের মোট ঋণের ৭৭ শতাংশ। একই সঙ্গে আমানত কমে গত মে মাসে নেমে এসেছে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকায়, যা এক বছরের ব্যবধানে ২০ হাজার কোটি টাকার বেশি হ্রাস।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এ পাঁচ ব্যাংককে একীভূত করে একটি শক্তিশালী ব্যাংক গঠনের পরিকল্পনা নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আমানতকারীদের আস্থা ফেরানোই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর আশ্বস্ত করেছেন— দুর্বল ব্যাংকের একীভূতকরণ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তিনি বলেন, “আমানতকারীদের স্বার্থ রক্ষায় সব ধরনের দায়িত্ব সরকার নেবে।”

Leave a Reply

scroll to top