থমথমে ভাঙ্গা, যান চলাচল স্বাভাবিক

faridpur-road-20250916111915.jpg
মো: আল মামুন ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে আজ (মঙ্গলবার) সকাল থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ভোর থেকেই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

সকাল ৯টার দিকে পুখুরিয়া এলাকায় কিছু লোকজন মহাসড়কে বসার চেষ্টা করলে পুলিশ তাদের সরে যেতে বাধ্য করে। ফলে সড়ক অবরোধ কার্যকর হয়নি। রেল যোগাযোগও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে থানার এসআই সাফুর আহমেদ।

ভাঙ্গা থানা ওসি মোহাম্মদ আশরাফ বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাঠে আছে। জনসাধারণ যাতে অতিরিক্ত ভোগান্তিতে না পড়েন, সে জন্য কাজ করছি।”

তবে আন্দোলনকারীদের একাংশের ভাষ্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না। তাদের মতে, এটি ভাঙ্গার অস্তিত্ব ও শিকড় রক্ষার আন্দোলন। প্রয়োজনে মহাসড়কেই রাত কাটাতে রাজি তারা।

এদিকে হামিরদী ও আলগী ইউনিয়নের বিভিন্ন বাজার ও দোকানপাট আংশিক খোলা থাকলেও লোকজনের মনে ভয় ও ক্ষোভ কাজ করছে। অনেকে গতরাতে ভয়ে নিজ বাড়িতে না থেকে আত্মীয়দের বাড়িতে রাত কাটিয়েছেন।

উল্লেখ্য, আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের প্রতিবাদে গত রোববার থেকে স্থানীয়রা অবরোধ কর্মসূচি পালন করছেন।

Leave a Reply

scroll to top