ঢাকায় জলাবদ্ধতার মূল কারণ জানালো ডিএনসিসি

dncc-2-20250912074438.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে জলাবদ্ধতার প্রধান কারণ হলো নালা ও খালে পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা ফেলা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গুলশানে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, নালায় আবর্জনা ফেলার ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায় এবং খাল বা জলাশয়ে পানি নামতে পারে না। তাই নালা পরিষ্কার রাখার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।

ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম আরও জানান, খাল রক্ষায় সকলকে সচেতন হতে হবে। না হলে কয়েক মাসের মধ্যেই নালা আবারও ময়লা-আবর্জনায় পূর্ণ হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর রেকর্ড বৃষ্টিপাতের পরও গত ছয় মাসে ৯৬ কিলোমিটার খাল খনন ও ২২০ কিলোমিটার নালা পরিষ্কারের ফলে রাজধানীর প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে বিমানবন্দর এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পের কারণে জলাধার ক্ষতিগ্রস্ত, ফলে সেখানে অস্থায়ী সমাধান ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ, প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান, বিভিন্ন অঞ্চলের নির্বাহী প্রকৌশলী এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Leave a Reply

scroll to top