জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ বুধবার (৬ আগস্ট) দেশব্যাপী বিজয় র্যালি কর্মসূচি পালন করবে বিএনপি।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়—৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে বিজয় র্যালির আয়োজন করা হয়েছে।
রাজধানীতে কেন্দ্রীয় র্যালিটি আজ বিকেল ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে। এই র্যালিতে অংশ নেবে ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, গাজীপুর জেলা ও মহানগর, নরসিংদী এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা।
র্যালিটি সফল করতে ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে দলটি।
বিএনপির দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের তরুণ সমাজের নেতৃত্বে যেভাবে একটি স্বতঃস্ফূর্ত গণ-অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তা আজ একটি ঐতিহাসিক বিজয়ের দৃষ্টান্ত। দলটি বলছে, এই গণ-আন্দোলনের ফসল হিসেবেই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে এবং অন্তর্বর্তী প্রশাসনের যাত্রা শুরু হয়।
আজকের র্যালি সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে আগামী দিনের সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে বলে প্রত্যাশা জানিয়েছে বিএনপি।





