জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে একাধিক কেন্দ্রে প্রার্থীদের প্রবেশ নিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ কারণে একটি হলে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাজউদ্দীন আহমদ হলে প্রবেশের চেষ্টা করেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান ও এজিএস প্রার্থী। তবে নির্বাচনী কর্মকর্তারা বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে কেন্দ্রজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও ভেতরে ভোটগ্রহণ অব্যাহত ছিল।
এর আগে ফজিলাতুন্নেছা ছাত্রী হলে ছাত্রদলের ভিপি প্রার্থী প্রবেশ করলে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এতে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয় এবং দুপুর সাড়ে ১২টা থেকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।
আচরণবিধি অনুযায়ী, নির্বাচনী কর্মকর্তা, কর্মচারী, নির্বাচন কমিশনের অনুমোদিত ব্যক্তি ও ভোটার ছাড়া অন্য কারও কেন্দ্র প্রবেশের অনুমতি নেই। প্রার্থীদের অনিয়ন্ত্রিত প্রবেশকে কেন্দ্র করেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে।





