গোপন নথি ফাঁস: এনবিআর উপ-কমিশনারের বিরুদ্ধে মামলা

1752670074-340faa39cc195d9f800d20cc429580e2.webp
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) ও উপ-কমিশনার মুকিতুল হাসানের বিরুদ্ধে রাষ্ট্রের গোপন নথি ফাঁসের অভিযোগে মামলা হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাতে এনবিআরের আরেক কর্মকর্তা, দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-৪), শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন।

অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩-এর ৩ ও ৫ ধারায় দায়ের করা মামলাটি বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত সূত্রে জানা গেলেও এ বিষয়ে কেউ আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।

এর আগে, রাষ্ট্রের গোপনীয় নথি ফাঁস ও চাকরির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুকিতুল হাসানকে সাময়িক বরখাস্ত করে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক-১ শাখা বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারায় মুকিতুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করে তাঁকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

কী ছিল মামলার অভিযোগে?

মামলার এজাহারে বলা হয়, ‘আউটলুক বাংলাদেশ’ নামের একটি সংবাদমাধ্যমে রেসিপ্রোকাল ট্যারিফ সংক্রান্ত বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তির একটি গোপন খসড়া প্রতিবেদন প্রকাশিত হয়। চুক্তিটি ছিল অপ্রকাশযোগ্য এবং নন-ডিসক্লোজড অ্যাগ্রিমেন্ট হিসেবে চিহ্নিত। প্রতিবেদনের বিষয়বস্তু সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

ঘটনাটি এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয় তদন্ত করে। এনবিআরের ভাষ্য অনুযায়ী, ৮ জুলাই বোর্ড প্রশাসনের কাছে খসড়া চুক্তির ওপর মতামত চাওয়া হয়। পরবর্তীতে কাস্টমস নীতিতে পাঠানো সেই খসড়াটি ৯ জুলাই গ্রহণ করেন মুকিতুল হাসান।

অভিযোগ অনুযায়ী, তিনি একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকের সঙ্গে বিষয়টি আলোচনা করেন এবং ১৪ জুলাই ওই সাংবাদিককে গোপন নথির কপি সরবরাহ করেন।

রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ

এজাহারে আরও বলা হয়, মুকিতুল হাসান রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করে জাতীয় নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক ও প্রশাসনিক গোপনীয়তা ক্ষতিগ্রস্ত করেছেন। এ ঘটনায় তিনি অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়।

 

 

 

 

 

 

Leave a Reply

scroll to top