বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মৃত্যুবরণকারী জুলাইযোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা মো. নিরব হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) জোহরের নামাজের পর তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বাউফল আসনের বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদার, জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদসহ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুটি এবং বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
খালেদা জিয়ার জানাজা নামাজে অংশ নিতে গিয়ে মো. নিরব হোসেনের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক প্রকাশ করেন। তার নির্দেশে সেদিন রাতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহ-সভাপতি ডা. পারভেজ রেজা কাকনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে মরহুমের বাসায় যান।
এ সময় প্রতিনিধি দলটি মরহুমের দুই ভাই মুসফিকুর ও বাহাদুরের সঙ্গে সাক্ষাৎ করে শোকাহত পরিবারের প্রতি তারেক রহমানের সমবেদনা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
মৃত নিরব হোসেনের ছেলে জুলাইযোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ান বর্তমানে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে তাকে সরকারিভাবে থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল।
জানা গেছে, মো. নিরব হোসেন ১৯৯৮ সাল থেকে দীর্ঘ ১১ বছর দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।