অর্থ উপার্জনকারীদের হাতে স্বাস্থ্যসেবা ছেড়ে দেওয়া উচিত নয় : প্রধান উপদেষ্টা

resize-6-2.jpeg
মো: আল মামুন বিশেষ প্রতিনিধি

স্বাস্থ্যসেবা কেবল অর্থ উপার্জনের মাধ্যম হতে পারে না—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ‘উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশন : প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর—বাংলাদেশের নীলনকশা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অর্থ উপার্জন করা সহজ হলেও সর্বাধিক মুনাফা অর্জনের প্রবণতা সেবাকে ব্যাহত করে। তার ভাষায়, “ওষুধ ও স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। আমি বলছি না তারা খারাপ মানুষ, তবে বিষয়টি সম্পূর্ণ তাদের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।”

কভিড-১৯ মহামারি চলাকালীন টিকা বিতরণকে বড় ধরনের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, বিশ্বের মাত্র ১০টি দেশ টিকা উৎপাদনের প্রায় ৮০ শতাংশ নিজেদের দখলে নিয়েছিল।

এ সময় তিনি বিশ্বজুড়ে সামাজিক সমস্যা সমাধানে স্বাস্থ্যখাতে সামাজিক ব্যবসার প্রয়োজনীয়তার কথাও জোর দিয়ে তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, এনসিপি নেতা ডা. তাসনিম জারা এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. আসিফ সালেহ।

Leave a Reply

scroll to top