চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে উপ-উপাচার্য ও প্রক্টরসহ প্রায় ২০০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
আইসিইউতে ভর্তি শিক্ষার্থীদের একজন হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র নাইমুর রহমান। তিনি বর্তমানে নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন। অপর গুরুতর আহত শিক্ষার্থী পার্কভিউ হাসপাতালে রয়েছেন, তবে তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত হাসপাতালে ৫৬ জন শিক্ষার্থী ভর্তি ছিলেন। বেশিরভাগের মাথায় আঘাত লেগেছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। তিনি বলেন, “আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।”
সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি বাস ও মিনিবাসে করে আহতদের হাসপাতালে আনা হয়। আহতদের শরীরজুড়ে আঘাতের চিহ্ন রয়েছে, আর কয়েকজনের অবস্থা এখনও শঙ্কাজনক।





