বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র আরোপিত পাল্টা শুল্ক হ্রাসে আলোচনার তৃতীয় দফার প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে ত্বরিত কোনো সিদ্ধান্তের প্রত্যাশা করা যায় না।
বাংলাদেশ সময় বুধবার ভোর রাত সাড়ে ১২টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) প্রধান কার্যালয়ে এই আলোচনা শুরু হয়। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আলোচনার পর সকালে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘প্রথম দিনের আলোচনা শেষ হলো। এ ধরনের ক্ষেত্রে এত তাড়াতাড়ি চূড়ান্ত ফল আসে না। তবে আমরা আগের শর্ত ও বিষয়গুলো নিষ্পত্তির দিকে অগ্রসর হচ্ছি।’
বৈঠক সূত্রে জানা গেছে, আগের দুই দফার বৈঠকে যেসব অমীমাংসিত বিষয় ছিল, তা নিয়ে উভয় পক্ষ একমত হয়েছে। বাংলাদেশ আলোচনায় যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর ক্ষেত্রে কী ধরনের সুবিধা দিয়েছে, সেই তুলনাও উত্থাপন করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আলোচনার শেষ দিনেই জানা যাবে।
তিন দিনব্যাপী এই আলোচনার শেষ দিন ৩১ জুলাই। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এ পর্যন্ত যেসব অগ্রগতি হয়েছে, তার ভিত্তিতে এই দফার আলোচনায় বাংলাদেশ ইতিবাচক ফলাফলের আশাবাদী।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। বর্তমানে এসব পণ্যে ১৫ শতাংশ হারে শুল্ক দিতে হয়। নতুন হার কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে ৫০ শতাংশে।





