দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান—অভিনয়ে যেমন অনবদ্য, ব্যক্তিত্বেও তেমনি অনন্য। একের পর এক সফল ছবি, টলিউড-বাংলাদেশ দু’দিকেই তাঁর ব্যস্ত শিডিউল, আর সেই সঙ্গে বয়সকে বুড়ো আঙুল দেখানো ফিটনেস—সব মিলিয়ে জয়ার জাদু যেন থামছেই না।
সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে জয়া নিজেই জানালেন, তিনি একজন ‘মিষ্টিপ্রেমী’। ভাবা যায়! যে অভিনেত্রীর ছিপছিপে গঠন দেখে অনেকেই ধারণা করেন তিনি নিশ্চয়ই মিষ্টির ধারেকাছেও যান না, তিনি নাকি রসগোল্লা, চমচম, বেকড রসগোল্লা আর নলেন গুড়ের মিষ্টির ভীষণ ভক্ত!
আর বিশেষ পছন্দের তালিকায় রয়েছে মতিচুরের লাড্ডু।
জয়ার কথায়, “আগে মিষ্টি একদম পছন্দ করতাম না। কিন্তু কলকাতা আমাকে মিষ্টি খাওয়াতে শিখিয়েছে। এখন কলকাতায় গেলেই মিষ্টি খাই, আর ফেরার সময় এক প্যাকেট নয়—অনেকগুলো নিয়েই বাড়ি ফিরি!”
জয়ার এই মিষ্টিপ্রীতি শুনে অনেকেই অবাক। কারণ, তার চাবুক গড়নের শরীর দেখে বোঝার উপায় নেই তিনি মিষ্টি খান! কিন্তু এই রহস্যের জবাবও আছে—জয়া মিষ্টি খান ঠিকই, তবে নিয়মিত ব্যায়াম, যোগাসন আর আত্মনিয়ন্ত্রণ তাকে রেখেছে এতটা ফিট।
আর একটি বিষয়? তিনি মিষ্টি খেতে ভালোবাসলেও—”মিষ্টি কাউকে শেয়ার করি না”—এ কথাও বলে দেন একবার মজার ছলে।
এদিকে ‘ডিয়ার মা’ মুক্তি পেয়ে সাড়া ফেলেছে দর্শকমহলে। ১ আগস্ট আসছে ‘পুতুল নাচের ইতিকথা’। তারই মাঝে চলছে ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিং। সব মিলিয়ে এখনই বলা যায়—জয়া আছেন নিজের ক্যারিয়ারের ‘মিষ্টি সময়’-এ!