ঢাকসু নির্বাচন ঘিরে বিশেষ নিরাপত্তা ঢাবিতে

resize-350x300x1x0image-294173-1757297432bdjournal.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন দিনব্যাপী কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার সকাল ৬টা থেকেই বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে।

টিএসসিতে সাব-কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখান থেকে ক্যাম্পাসের সব নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় ও তদারকি করা হবে। নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী আজ দায়িত্বে থাকছেন ১ হাজার ৪৯১ পুলিশ সদস্য, এর মধ্যে নারী সদস্য ১৭৫ জন। মূল ভোটের দিন মঙ্গলবার মোতায়েন থাকবেন সর্বোচ্চ ২ হাজার ৬৪ জন, আর বুধবার নির্বাচনের পরদিন দায়িত্বে থাকবেন ৮১৯ জন সদস্য।

এর পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, সোয়াট টিম, বোম নিষ্ক্রিয়করণ দল, ড্রোন ক্যামেরা ও সিসিটিভি মনিটরিং থাকছে। কৌশলগত স্থানে ফুট প্যাট্রোল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স রাখা হয়েছে। শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, জগন্নাথ হলসহ বিভিন্ন ক্রসিংয়ে বসানো হবে ব্যারিকেড চেকপোস্ট।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে সহজে পৌঁছাতে চক্রাকার শাটল সার্ভিস চালু থাকবে। মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত শাহবাগ থেকে ক্যাম্পাসের আটটি ভোটকেন্দ্রে এই সার্ভিস চলবে।

অন্যদিকে, ঢাকার মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সোমবার বিকাল ৪টা থেকে আগামীকাল সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে। নির্বাচনের দিনে ক্যাম্পাসে রিকশা ও মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে; শুধু বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে।

🔹 এদিকে ডিএমপি কমিশনারের তত্ত্বাবধানে নিরাপত্তার সামগ্রিক কার্যক্রম পরিচালনা করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন), জয়েন্ট কমিশনার (অপারেশন) ও এসি অপারেশন।

Leave a Reply

scroll to top