দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন। এই নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা গেজেট যেকোনো সময় জারি করা হতে পারে।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে এসব তথ্য জানা গেছে।
জুবায়ের রহমান চৌধুরী আগামী ২৮ ডিসেম্বর নতুন বিচারপতি হিসেবে শপথ নিতে পারেন।
সংবিধান অনুযায়ী, ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এরই মধ্যে বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে ওমরাহর জন্য সৌদি আরবে অবস্থান করছেন তিনি।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জুবায়ের রহমান চৌধুরী।
উল্লেখ্য, ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন জুবায়ের রহমান চৌধুরী। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়।
২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
শিক্ষাজীবনে জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেছেন।
এমএ