ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি স্পষ্ট করে বলেছেন, “যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ করছে না, যুদ্ধ করছে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে।” আজ সোমবার বার্তাসংস্থা আনাদোলুর বরাতে এ তথ্য জানা গেছে।
ভ্যান্স জানান, এই হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করা, কোনোভাবেই তেহরানের সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু করা নয়। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা যুদ্ধ করছি না ইরানের সঙ্গে, বরং তাদের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে।”
ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান—এই তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফলভাবে আঘাত হানে। তার ভাষায়, “এই অভিযান ছিল অসাধারণ। এতে ইরানের পারমাণবিক সক্ষমতা অনেকটাই পিছিয়ে পড়েছে।”
তিনি বলেন, “মাত্র একদিনেই ইরানের পরমাণু কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে।” পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র শান্তি চায়—তবে সেটি হবে ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখার শর্তে।
ভ্যান্স এও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের পথ বন্ধ করেনি, বরং ইরানই কখনো আলোচনায় আন্তরিক ছিল না। তার বক্তব্যে উঠে আসে যুক্তরাষ্ট্রের অবস্থান: স্থলযুদ্ধ নয়, বরং দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সমাধান—পরমাণু হুমকি বন্ধের বিনিময়ে।





