বুধবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে দাবি করা হয় জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর রাস্তায় জনতার হাতে মারধরের শিকার হয়েছেন। ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি রাস্তায় পড়ে রয়েছেন এবং তাকে ঘিরে একদল মানুষ হট্টগোল করছে। এরপর মিশার নাম উল্লেখ করে তার হাসপাতালে শুয়ে থাকার একটি ছবিও ছড়িয়ে পড়ে, যা দেখে তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওটি মিশা সওদাগরের নয়
তবে খোঁজ নিয়ে জানা গেছে, মারধরের ভিডিওটি মিথ্যা ও বিভ্রান্তিকর। ভিডিওটিতে যে ব্যক্তিকে মারধর করা হচ্ছে, তিনি মিশা সওদাগর নন। ভুয়া ভিডিওর সঙ্গে অভিনেতার নাম জড়িয়ে ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তবে হাসপাতালে ভর্তি কেন মিশা
মিশা সওদাগরের হাসপাতালে শুয়ে থাকার ছবিটি সত্য। তবে সেটি কোনো মারধরের ঘটনার নয়, বরং হাঁটুর অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখানে তার চিকিৎসা চলছে।
জানা যায়, প্রায় ৯ বছর আগে ‘মিসড কল’ সিনেমার শুটিংয়ে একটি গানের দৃশ্য ধারণের সময় আহত হন মিশা। ওই দৃশ্যে বৃহন্নলাদের সঙ্গে নাচের সময় পড়ে গিয়ে তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। তবে কিছুদিন আগে একই জায়গায় ফের আঘাত পান, এবং চিকিৎসকের পরামর্শে হাঁটুর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
যুক্তরাষ্ট্রে অস্ত্রোপাচার হয়েছে মিশার
বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে ডালাসের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান। তিনি জানান, “অপারেশন ভালোভাবে সম্পন্ন হয়েছে, এখন মিশা ভাই বিশ্রামে আছেন। সবাই দোয়া করবেন তার জন্য।”
সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়ানো প্রসঙ্গে চলচ্চিত্র সংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং অনুরোধ করেছেন, নিশ্চিত তথ্য ছাড়া এমন বিভ্রান্তিকর কনটেন্ট শেয়ার না করতে। মিশা সওদাগর বর্তমানে সুস্থ আছেন এবং দ্রুত সুস্থ হয়ে দেশে ফেরার আশা প্রকাশ করেছেন তার ঘনিষ্ঠজনেরা।
২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান মিশা সওদাগর। পরে চিকিৎসকরা জানান, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।





