ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু, চুক্তি সই

4f93e2600e3814781d51fc2f7836ea98-687a2f941299d.webp
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

ঢাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ মানবাধিকার মিশন। বাংলাদেশ সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে তিন বছর মেয়াদি এ মিশনের পথচলা শুরু হলো।

বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের পক্ষে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এই চুক্তিতে স্বাক্ষর করেন। শুক্রবার (১৮ জুলাই) জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের দপ্তর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি সপ্তাহে সই হওয়া এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে মিশনের কার্যক্রম শুরু হয়েছে। জাতিসংঘ কার্যালয় জানিয়েছে, গত আগস্ট থেকে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

মানবাধিকার বিষয়ে জাতিসংঘের হাইকমিশনার ভলকার তুর্ক এই উদ্যোগকে ‘বাংলাদেশ সরকারের মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতির একটি শক্তিশালী বার্তা’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এই চুক্তি আমাদের কার্যালয়কে তথ্যানুসন্ধানমূলক প্রতিবেদনে দেওয়া সুপারিশ বাস্তবায়নে আরও কার্যকর সহায়তা করতে সক্ষম করবে। একই সঙ্গে সরকার, সুশীল সমাজ ও অন্যান্য অংশীজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে প্রয়োজনীয় সংস্কারে অংশগ্রহণের সুযোগ তৈরি করবে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন এই মিশন সরকারের বিভিন্ন সংস্থাকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে, যাতে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি বাস্তবায়নে সহযোগিতা করা যায়। পাশাপাশি, সুশীল সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মিশনটি বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করবে।

এছাড়াও, জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় গণপ্রতিবাদের ওপর দমন-পীড়ন বিষয়ে তথ্যানুসন্ধান ও পর্যালোচনা কার্যক্রম পরিচালনার পাশাপাশি মানবাধিকার সংস্কারে সহায়ক ভূমিকা রাখার লক্ষ্যেও কাজ করে যাচ্ছে।

Leave a Reply

scroll to top