সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছেন। একই সঙ্গে সারাদেশের সব বিদ্যালয়ে কর্মবিরতি পালন করে যাচ্ছেন তারা।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে দেখা যায়, পুরো শহীদ মিনার চত্বরে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছেন শিক্ষকরা। শিক্ষক নেতারা শহীদ মিনারের বেদিতে অবস্থান নিয়ে বক্তব্য দিচ্ছেন। মাঝে মাঝে মাইকে ভেসে আসছে দেশাত্মবোধক ও দাবি আদায়ের কথা-সংবলিত বিভিন্ন গান-কবিতা।
এসময় তারা বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে। প্রয়োজনে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে সব শিক্ষক ঢাকা চলে আসবে।
এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় সচিবালয়ে আন্দোলনকারী শিক্ষকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বৈঠকে উপস্থিত শিক্ষক নেতারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধির বিষয়ে কাজ করছে। এ জন্য সময় চাওয়া হয়। আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানানো হয়। তবে শিক্ষকেরা তা মানেননি।
তবে আলোচনার সুবিধার্থে প্রথমে বিদ্যালয়ে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়া হলেও সাধারণ শিক্ষকেরা তাতে আপত্তি জানান। তারা তা মানেননি।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার বিকালে অর্থ বিভাগের সচিবের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, এই বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ জানাবেন আন্দোলনরত শিক্ষকরা।
এমএ





