আইনগত বৈধতা পেল অন্তর্বর্তী সরকার

আইনগত বৈধতা পেল অন্তর্বর্তী সরকার
নিজস্ব প্রতিবেদক

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারটির শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের দেওয়া রায়টি আপিল বিভাগ বহাল রেখেছেন। সুপ্রিম কোর্টের একটি নির্দিষ্ট রেফারেন্সকে ভিত্তি করে হাইকোর্ট এই রায় দিয়েছিল। ফলে, অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়াটি আইনগতভাবে বৈধ হিসেবে বিবেচিত হলো।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত এ আদেশ দেন।

এর আগে, বুধবার (৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের লিভ টু আপিলের শুনানির সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ভ্রান্ত ধারণার ওপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে।

এ মামলার শুনানিতে আইনজীবীরা বলেন, গণঅভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যে সরকার শপথ নেয়ার পর সুপ্রিম কোর্ট পুনঃগঠন করেছে, সেই আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা সবিরোধী।

যদিও রিটকারী আইনজীবীর মূল যুক্তি হচ্ছে যে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। ফলে তারা সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির রেফারেন্সের মতামত দেয়ার সুযোগ নেই। এতে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া অবৈধ হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না। পরে তিনি আপিল বিভাগে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন।

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস গত বছরের জুলাই-আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে এই নতুন সরকারের প্রধানের শপথ পাঠ করান।

এমএ

Leave a Reply

scroll to top