স্বদেশের পথে রওয়ানা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে তিনি লন্ডনের বাসভবন থেকে সপরিবারে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন। বর্তমানে তিনি বিমানবন্দরে অবস্থান করছেন।
জানা গেছে, বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে লন্ডন ছাড়বেন তিনি। সব ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ দেশের মাটিতে পা রাখবেন বিএনপির এই নেতা। সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
এদিকে, দীর্ঘ ১৭ বছর পর দেশার ফেরায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি। দলটির আশা, ৫০ লাখের বেশি নেতাকর্মী জমায়েত হবে ঢাকায়। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন তারেক রহমান। সেখানেই তাকে স্মরণকালের স্মরণীয় সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
বিএনপি নেতাদের দাবি, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে যে উদ্দীপনা দেখা যাচ্ছে, তাতে উপস্থিতির দিক দিয়ে অতীতের সব আয়োজন ছাড়িয়ে যাবে। নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও এই গণসংবর্ধনায় অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর কুড়িলের পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি। পুরো আয়োজন সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে কাজ করছেন নেতাকর্মীরা। নিরাপত্তা নিশ্চিতে দলের পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর তরফেও নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
ইতোমধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে দলটি। মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। দফায় দফায় অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা।
উল্লেখ্য, ২০০৮ সালে ওয়ান-ইলেভেন সরকারের সময় কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন। স্ত্রী ডা. জোবাইদা রহমান কয়েকবার দেশে এলেও দেশে ফিরতে পারেননি বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এমএ





