প্রবাসে থাকা বাংলাদেশিদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে আরও সহজ ও সুবিধাজনক ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন তারা সরাসরি ব্যক্তিগত ই-মেইলে ‘ওয়ান-টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) মাধ্যমে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যদিও প্রবাসী করদাতাদের জন্য অনলাইন রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক নয়। তবুও অনেকেই এর সুবিধা ও কার্যকারিতা দেখে অনলাইনে ই-রিটার্ন পদ্ধতি ব্যবহারের আগ্রহ দেখিয়েছেন।
আগে প্রবাসীরা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে সমস্যায় পড়তেন। আগে ওটিপি পাঠানো হতো শুধু বাংলাদেশে নিবন্ধিত বায়োমেট্রিক তথ্যযুক্ত মোবাইল সিমে। এই অসুবিধা দূর করতে এবার এনবিআর সরাসরি করদাতার ব্যক্তিগত ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা করেছে।
এখন প্রবাসী করদাতারা তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, ভিসার কপি, ইমেইল ঠিকানা ও ছবি ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় পাঠিয়ে ইমেইল-ভিত্তিক নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
এরপর যাচাই-বাছাই শেষে এনবিআর তাদের কাছে ওটিপি এবং নিবন্ধন লিংক পাঠাবে। ফলে তারা সহজে অনলাইনে নিবন্ধন করে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়াটি সহজ ও কাগজবিহীন। এর মাধ্যমে করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র তৈরি এবং আয়কর সনদ প্রিন্ট করতে পারবেন। ২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত ৮ লাখ ৫০ হাজারেরও বেশি আয়কর রিটার্ন অনলাইনে দাখিল হয়েছে। এতে করদাতাদের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন দেখা যাচ্ছে।
সকল দেশি এবং প্রবাসী করদাতাদের ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-রিটার্ন পদ্ধতিতে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এমএ





