ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন বগুড়ার সান্তাহার এলাকায় লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটিতে হাজারো যাত্রী ছিলেন বলে জানা গেছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটি সান্তাহার জংশন স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনাটি ঘটে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বিশেষ করে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাট জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, ট্রেনটি দুপুর ২টার দিকে স্টেশনে সংক্ষিপ্ত বিরতি দিয়ে পুনরায় যাত্রা শুরু করে। কিছুদূর এগোতেই ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের ছাদে থাকা যাত্রীদের মধ্যে কেউ কেউ পড়ে গিয়ে আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, সান্তাহার ও আদমদীঘির মাঝামাঝি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে, তবে সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঈদযাত্রার ব্যস্ত সময়ে এ ধরনের দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ধার কার্যক্রম শেষে হতাহতদের সঠিক তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





