ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রেনে দুর্বৃত্তদের আগুন

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রেনে দুর্বৃত্তদের আগুন
নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুন নজরে আসার সঙ্গে সঙ্গেই তা নিয়ন্ত্রণে নিয়ে আসেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এ সময় আনসার সদস্যদের ধাওয়া খেয়েও দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নাশকতাকারীরা।

বুধবার (১৯ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে এই ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের আগুনে ট্রেনটির একটি বগির কয়েকটি সিটের বেশকিছু অংশ পুড়ে যায়।

এছাড়া ট্রেনের অন্যান্য আরও কয়েকটি সিটে গান পাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে রাখতে দেখা যায়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার মো. আব্দুল্লাহ আল হারুন খবরের সত‍্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক সাহসী ভূমিকার ফলে দুর্বৃত্তদের অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। বর্তমানে ময়মনসিংহ জংশন রেলস্টেশনের ট্রেন চলাচল এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ ছিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন বলেন, স্টেশন প্ল্যাটফর্মের বাইরের অংশে জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়ামোছা করার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ছিল। এই সুযোগে নাশকতার উদ্দেশ্যে ভোররাতে একদল দুর্বৃত্ত গানপাউডার এবং পেট্রোল দিয়ে ট্রেনে আগুন দেয়।

ওসি আখতার আরও জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি টের পাওয়ায় আনসার সদস্যদের ধাওয়া খেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বতর্মানে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে নাশকতা চেষ্টার ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএ

Leave a Reply

scroll to top