যুদ্ধবিরতি লঙ্ঘন

গাজায় ইসরাইলি হামলায় সাত শিশুসহ নিহত ১১

গাজায় ইসরাইলি হামলায় সাত শিশুসহ নিহত ১১
নিজস্ব প্রতিবেদক

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় তিন শিশুসহ একই পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র ৮ দিন পরই এই চুক্তি লঙ্ঘন করলো ইসরায়েল।

রোববার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সন্ধ্যায় গাজা সিটির জায়তুন এলাকার আবু শহবান পরিবারের বেসামরিক একটি গাড়িতে ইসরায়েলি বাহিনীর ট্যাংকের গোলা আঘাত হানে। সেই গাড়িটিতে করে তারা তাদের নিজ বাড়ির অবস্থা দেখতে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে সাতটি শিশু ও তিনজন নারী রয়েছেন।

সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বলছে, ‘তাদের সতর্ক করা যেত বা অন্যভাবে ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু তাদের সাথে যা ঘটেছে, তা প্রমাণ করে দখলদার বাহিনী এখনো রক্তপিপাসু এবং নিরীহ বেসামরিকদের বিরুদ্ধে অত্যচার চালিয়ে যাচ্ছে।’

এক পৃথক বিবৃতিতে সংস্থাটি জানায়, জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয়ের (ওসিএইচএ) সহায়তায় এখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দুটি শিশুর মরদেহ এখনো নিখোঁজ রয়েছে, কারণ প্রচণ্ড বিস্ফোরণে তাদের দেহাবশেষ ছিন্নভিন্ন হয়ে গেছে। এই ঘটনাকে ‘গণহত্যা’ বলে নিন্দা জানিয়েছে হামাস।

সংগঠনটির দাবি, কোনো কারণ ছাড়াই ওই পরিবারের ওপর হামলা করা হয়েছে। একইসঙ্গে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে চলতে চাপ দেওয়া হয়।

গাজার মিডিয়া অফিস জানিয়েছে, চলমান বন্দি বিনিময় চুক্তির মধ্যেই শনিবার পর্যন্ত ইসরাইল অন্তত ৩৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

এমএ

Leave a Reply

scroll to top