জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের

379377e3a0fa47e5de4cfad295f22551-68916f025837e.webp
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠান থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ।

তিনি অভিযোগ করেছেন, জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ১৫৮ জন সমন্বয়কের সবাইকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। এ কারণেই তিনি অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন।

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্টে তিনি লিখেছেন, “জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম। শুনেছি সরকার ১৫৮ জন সমন্বয়ক, সহ-সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি। হয়তো আসন সীমিত, কিন্তু ১৫৮ জনের জন্য জায়গা নেই—এটা দুঃখজনক।”

তিনি আরও লেখেন, “জানি না শহীদ পরিবারের জন্য আসন থাকবে কি না। যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান—তাদেরই আজ মূল্যহীন করে রাখা হচ্ছে। আমার সহযোদ্ধারা, যারা জীবনপণ সাহসিকতায় হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন—তাদের প্রাপ্য সম্মান না পেলে আমি, আব্দুল হান্নান মাসউদ, ব্যক্তিগতভাবে আগামীকালকের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিচ্ছি।”

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস “জুলাই ঘোষণাপত্র” পাঠ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।

Leave a Reply

scroll to top