দুর্নীতির অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এবং তার স্ত্রীর নামে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৪ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।
আদেশ অনুযায়ী, জব্দ ও অবরুদ্ধ সম্পদের মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো শহরে বেনজীর ও তার স্ত্রীর নামে থাকা ৪ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের বিভিন্ন অস্থাবর সম্পদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (যুক্তরাষ্ট্র) এ বেনজীর আহমেদের নামে খোলা দুটি ব্যাংক হিসাব এবং মালয়েশিয়ার সিআইএমবি ইসলামি ব্যাংক বেরহাডে দুটি হিসাব।
দুদকের আবেদনে বলা হয়, বেনজীর আহমেদ আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে বৈধ আয়ের বাইরে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার সম্পদ অর্জন করেছেন, যা বর্তমানে অনুসন্ধানাধীন। তদন্তে আরও জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পত্তি হস্তান্তরেরও চেষ্টা চলছে। ফলে ন্যায়বিচার নিশ্চিত করতে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার প্রয়োজন দেখা দেয়।
দুদকের পক্ষে আদালতে আবেদন উপস্থাপন করেন উপপরিচালক মো. হাফিজুর রহমান।