কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, কাজ করছে ১৪টি ইউনিট

কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক

ঢাকা জেলার কেরানীগঞ্জ বাবু বাজার এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস। বর্তমানে ভবনটির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এসময় ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে ফায়ার ফাইটাররা।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেকটর আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, কেরানীগঞ্জ বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ার নামের একটি ১২ তলা ভবনের নিচতলায় আগুন লেগেছে। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, এ পর্যন্ত মোট ৪৫ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার ফাইটাররা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এমএ

Leave a Reply

scroll to top