বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু ভোট প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা-১৫ আসনের মিরপুর সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বহু মানুষ প্রাণ দিয়েছেন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি সম্মান দেখাতে হলে দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা নিয়েছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে প্রতিটি পরিবারের গৃহিণী সরাসরি সরকারি সহায়তা পাবেন এবং ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।
তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিটি সংসদীয় আসনে অন্তত একটি ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। এসব প্রতিষ্ঠানে কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে বলে উল্লেখ করেন।
বিদেশগামী কর্মীদের জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এতে বিদেশে যেতে তরুণদের পৈতৃক সম্পত্তি বিক্রি করতে হবে না।
কৃষকদের সহায়তায় কৃষি কার্ড চালুর ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, এর মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বিএনপি সরকার গঠন করতে পারলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।
স্বাস্থ্যখাতে উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। বিশেষ করে মা ও শিশুস্বাস্থ্যের ওপর গুরুত্ব দেওয়া হবে। ঢাকা-১৫ আসনে একটি হাসপাতাল নির্মাণের আশ্বাসও দেন তিনি।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কাফরুল এলাকার ১০০ ফুট সড়ক নির্মাণকাজ দ্রুত শুরু করা হবে। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার সরকারের সময় প্রকল্পটি শুরু হলেও পরে তা বন্ধ হয়ে যায়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, নানা চাপ ও প্রস্তাব থাকা সত্ত্বেও তিনি দেশ ছাড়েননি। এই দেশই সবার প্রথম ও শেষ ঠিকানা।
বক্তব্যের শেষে তিনি জুলাই আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান, সাবেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ স্থানীয় নেতাকর্মীরা।





